রাজশাহীতে চালকের চোখে বিষাক্ত স্প্রে করে ছিনতাই!
রাজশাহী নগরীতে চালকের চোখে বিষাক্ত স্প্রে করে অটো রিকশা ছিনতাই এর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)’র কাটাখালী থানা পুলিশ আসামীদের গ্রেফতার করে। এ সময় ছিনতাই হওয়া অটো রিকশা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো-রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার শামিনুর রহমানের ছেলে আমিনুল ইসলাম শান্ত (২০) ও ফুলতলা কড়ইতলা গ্রামের জমসেদ আলীর ছেলে শাকিব (১৯)।
ঘটনা সূত্রে জানা যায়, গত রোববার (১ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে রিমনের ভাড়ায় চালিত অটোরিকশা লক্ষীপুর মোড় থেকে কাটাখালী বাজারে আসার জন্য আসামি আমিনুল ও শাকিব ১৫০ টাকা ভাড়া চুক্তি করে। রিমন অটোরিকশা করে তাদের নিয়ে রাত সাড়ে ১০টায় কাটাখালী বাজারে পৌঁছায়।
আসামিরা রিমনকে আরো একটু সামনে এগিয়ে দেওয়ার কথা বলে। রিমন তাদের নিয়ে কাপাসিয়া বাজার সংলগ্ন রাস্তার পাশে পৌঁছালে আসামীরা অটো চালক রিমনের চোখে বিষাক্ত স্প্রে করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। অটো চালক দ্রুত কাটাখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা কাটাখালী থানার এসআই আজাহারুল ইসলাম ও তার টিম তাৎক্ষনিক অটোরিকশা উদ্ধারে অভিযানে নামে। পরে নগরীর কাটাখালী থানার মাহেন্দ্র বাইপাসে এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করে আসামিদের গ্রেফতার করে।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাহাবুল ইসলাম/বার্তা বাজার/টি