ফরিদপুর সদর উপজেলায় পানিতে ডুবে জান্নাতি খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২ আগস্ট) দুপুরে কানাইপুর ইউনিয়নের রায়কাইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতি ওই গ্রামের মোস্তফা ব্যাপারীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা ১টার দিকে পার্শ্ববর্তী সমবয়সী অন্য শিশুদের সাথে ওই শিশুটি খেলছিল। এসময় সকলের অজান্তে সে রাস্তার পাশে একটি ডোবায় পরে যায়। পরে স্থানীয়রা তাকে ডোবার পানি থেকে মৃত উদ্ধার করে। শিশু জান্নাতির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বার্তা বাজারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসবি