বিদায়বেলায় সুসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন ৪ পুলিশ সদস্য

রং-বেরঙের বেলুনে সাজানো হয়েছিল গাড়ি। চাকরিজীবন শেষ করে সেই গাড়িতে চড়ে বাড়ি ফিরেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা থানার চার পুলিশ সদস্য। বিদায় বেলায় এমন সম্মাননায় অশ্রুসিক্ত হয়েছিল তাদের চোখ।

সোমববার (২ আগস্ট) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে চার পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানিয়েছে আলফাডাঙ্গা থানা পুলিশ। এসময় থানার সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরা হলেন- কনস্টেবল জেলার ভাঙ্গা উপজেলার মো. মজিবর রহমান, বোয়ালমারী উপজেলার আলী নূর ও সিদ্দিকুর রহমান ও আলফাডাঙ্গা উপজেলার মিজানুর রহমান।

বিদায়ী পুলিশ সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করে বার্তা বাজারকে বলেন, বিদায়টা সকলের জন্য কষ্টের। সহকর্মী ও প্রিয় কর্মস্থল ছেড়ে আসার সময় খুবই খারাপ লাগে। তবে এমন সম্মানজনক বিদায় পেয়ে আমরা আনন্দিত। বিদায়ের মুহূর্তে সুসজ্জিত গাড়িতে সম্মানের সঙ্গে বাড়িতে যাওয়া এটা এক অন্যরকম অনুভূতি। এমন আনুষ্ঠানিক বিদায় আমাদের অত্যন্ত গর্বিত করেছে। যা কোনো দিন আমরা ভুলবো না।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বার্তা বাজারকে জানান, ‘পুলিশ সদস্যদের অবসরে যাওয়ার দিনটি যাতে স্মরণীয় হয়ে থাকে সেজন্য এ ব্যবস্থা করা হয়েছে। অবসরগ্রহণকারী পুলিশ সদস্যরা দীর্ঘদিন গাড়িতে চড়ে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। কর্মজীবনের শেষ দিন যেন সেই গাড়িতেই যেতে পারেন সেজন্য এ ব্যবস্থা করা।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর