স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক আটক!

ঢাকার সাভারে এক স্কুল শিক্ষার্থীকে (১৭) বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২আগস্ট) সকালে সাভারের কাটপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

এব্যাপারে পুলিশ জানায়,গতকাল রাতে ধামরাইর ফুটনগর এলাকার নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে মোবাইল ফোনে ডেকে নেয় রুবেল নামের এক যুবক (২৪)। পরে ওই শিক্ষার্থীকে সাভারের কাটপট্টি এলাকার নিজ ভাড়া বাড়িতে নিয়ে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে বলাৎকার করে রুবেল।

পরে ওই শিক্ষার্থী নিজ বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বলাৎকারের বিষয়টি তার বাবা মাকে জানায়। পরিবারের সদস্যদের সম্মতিতে ওই শিক্ষার্থী রাতেই সাভার মডেল থানায় রুবেলকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে পুলিশ সোমবার (২ আগস্ট) সকালে কাটপট্টি এলাকায় অভিযান চালিয়ে আসামি রুবেলকে আটক করে।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ জানান, আসামিকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। নির্যাতিত ওই শিক্ষার্থী সাভারের দক্ষিণ দড়িয়ারপুর এলাকার নিউ রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণীতে পড়াশুনা করতো।

সে ধামরাইয়ের ফুটনগর এলাকার বাসিন্দা।

এদিকে, নির্যাতিত ওই শিক্ষার্থীর পরিবার নির্যাতনকারীর কঠোর শাস্তি দাবি করেছেন।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর