সংক্রমণ-মৃত্যু বৃদ্ধির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী নয়: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দায়ী নয়। মন্ত্রণালয়ের কাজ হলো স্বাস্থ্যসেবা দেওয়া, যা আমরা হাসপাতালে দিচ্ছি।
তিনি বলেন, আমাদের দায়িত্ব টিকা দেওয়া, কেউ অসুস্থ হলে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া। আমরা আমদের দায়িত্ব পালন করে যাচ্ছি। এটাও বলে দিই হাসপাতালে কতগুলো বেড খালি আছি, কতজন ভর্তি আছে। আমরা তা স্বাস্থ্য বুলেটিনে জানিয়ে দিই।
সোমবার (২ আগস্ট) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, করোনার সংক্রমণ কিভাবে বাড়ছে তা সকলেই জানে। ফেরিতে গাদাগাদি করে কিভাবে লোক আসে, দোকানপাটে কিভাবে লোকজন চলাফেরা করে, মাস্ক না পরে, স্বাস্থ্যবিধি না মেনে চলার কারণে সংক্রমণ বাড়ে। এখানে আমাদের কেউ নেই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তার-নার্সরা তো আর ফেরি কন্ট্রোল করে না, আমাদের ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে না। সেটা কন্ট্রোল করার দায়িত্ব অন্য বিভাগের।
তিনি আরও বলেন, আমাদের যে দায়িত্ব সেটা আমরা পালন করে চলেছি এবং যতটুকু সম্ভব পালন করে যাবো। যেখানে দায়িত্ব পালন হচ্ছে না সে বিষয়ে আপনারা (গণমাধ্যম) তাদেরকে প্রশ্ন করুন।
বার্তা বাজার/নব