মুন্সীগঞ্জে স্ত্রী নির্যাতনের ভিডিও ভাইরাল, স্বামী গ্রেফতার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যৌতুকে দাবীতে স্ত্রী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় স্বামীকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। আসামীর বিরুদ্ধে সিরাজদিখান থানায় নারী- শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রোববার (১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের হেলাল শেখের ছেলে মোঃ মুরাদ শেখ (৪০)কে স্ত্রী নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্ব মহলে নিন্দার ঝড় উঠে।
নির্যাতিতা স্ত্রী মোছাঃ হালিমা বেগম জানান, কাজীরবাগ গ্রামের হেলাল শেখের ছেলে মোঃ মুরাদ শেখের সাথে আমার ১৩ বছর পুর্বে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয় এবং আমাদের সংসারে দুইটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। বিবাহ পর আমার বাপে বাড়ি হইতে যৌতুকের ২ লক্ষ টাকা আনিয়া দিতে বলে।
আমি যৌতুকের টাকা আনতে অস্বীকার করলে আমার স্বামী আমাকে বিভিন্ন ভাবে শারীরিক মানসিক নির্যাতন করে। আমি আমার সংসার ও মেয়েদের কথা চিন্তা করে আমার স্বামীকে আমার বাবার কাছ থেকে টাকা আনিয়া দেই।
রোববার সকালে আরো ১ লক্ষ টাকা আনিয়া দিতে বলে আমি আনিয়া দিতে অস্বীকার করলে আমার স্বামী আমাকে এলোপাতাড়ি কিল ঘুসি লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে গৃহবধুকে নির্যাতনের খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ পাঠিয়ে স্বামীকে গ্রেফতার করি। এ ঘটনায় ভিকটিম গৃহবধু হালিমা বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/এসবি