দেশে করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউন শেষ হবে আগামী ৫ আগস্ট। বিধিনিষেধ শেষ হলে সারাদেশে দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতান খুলে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
রোববার (০১ আগস্ট) রাজধানীর নিউমার্কেটে দোকান মালিক সমিতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ দাবি জানান সমিতির নেতারা।
সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, দেশে চলমান কঠোর বিধিনিষেধ শেষ হবে ৫ আগস্ট। এরপর বিধিনিষেধ তুলে দিয়ে সব দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতান খুলে দেয়ার দাবি জানাচ্ছি সরকারের কাছে।
তিনি বলেন, দেশে ২০২০ সালে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৭০ দিন দোকানপাট বন্ধ ছিল। সবমিলিয়ে ব্যবসায়ীরা ২৭ লাখ কোটি টাকা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
এ সময় দোকান খুলে দেওয়ার পাশাপাশি চারটি দাবি জানান হেলাল উদ্দিন। এর মধ্যে রয়েছে দেশজুড়ে টিকা প্রদানের ব্যবস্থা করা, শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ প্রণোদনা দেওয়া।
তিনি আরও জানান, দেশে ৫৫ লাখ ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ী আছেন। এ খাতে দুই কোটির বেশি কর্মচারী আছেন। বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি এই খাত সংশ্লিষ্ট অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বার্তা বাজার/নব