দুর্ঘটনায় রাস্তায় পড়ে যায় দিনমজুরের চাল, খাবার দিলেন ইউএনও

লকডাউনে কাজ নেই। ঘরে তেমন মজুদ নগদ অর্থ নেই। তাই অনেকটা বাধ্য হয়েই ৩০ টাকা দরে ওএমএস দোকান থেকে পাঁচ কেজি চাল কিনে বাড়িতে ফিরছিলেন এক দিনমজুর।

পথিমধ্যে ভ্যানের সাথে দুর্ঘটনায় চাল ও দিনমজুর ছিটকে পড়েন রাস্তায়। এতে চালে ধুলা-বালি, ছোট ছোট পাথর মিশে খাওয়ার অনুপযোগী হয়ে যায় এবং দিনমজুর পাঁয়ে আঘাত পেয়ে কিছুটা আহত হয়।

পরে উপস্থিত জনতা ছুটে এসে ওই দিনমজুরকে উদ্ধার করে এবং রাস্তায় পড়ে থাকা চাল গুলো পুণরায় ব্যাগে ভরার চেষ্টা করেন। এসময় লকডাউন প্রতিপালনের অভিযান শেষ করে ফিরছিলেন ইউএনও।

এমন ঘটনা দেখে দ্রুত গাড়ি থেকে নেমে দিনমজুরের খোঁজ খবর নেন। এরপর গাড়িতে থাকা মেডিসিন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১১ পদের খাবার দিয়ে একটি ভ্যান ভাড়া করে দিনমজুরকে বাড়িতে পাঠিয়ে দেন ইউএনও।

রোববার (১ আগষ্ট) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার হলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিনমজুরের নাম হানিফ শেখ। তিনি পৌরসভার খয়েরচারা এলাকার বাসিন্দা। আর এমন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হলেন বিতান কুমার মন্ডল।

এ বিষয়ে আহত দিনমজুর হানিফ বলেন, লেবারের কাজ করি। লকডাউনে কাজ নেই। ঘরে তেমন মজুদ টাকাও নেই। পাঁচ কেজি ওএমএস চাল কিনে বাড়িতে ফিরছিলাম। এসময় হলবাজার এলাকায় ভ্যানে ধাক্কার রাস্তায় চাল আর আমি পড়ে যায়। এতে চাল নষ্ট হয়ে যায় আর আমার ডান পাঁয়ের হাটুর অংশ কেটে যায়।

তিনি আরো বলেন, এমন সময় লাল খয়েরী একটি গাড়ি এসে থামল। সবাই বলছিল স্যার এসেছে স্যার এসেছে। প্রথমে ভয় পেয়েছিলাম। পরে দেখি সে খুব ভাল। আমার চিকিৎসা করল, খাবার দিল। আবার ভাড়া দিয়ে ভ্যানে তুলে দিয়েছে।

ইউএনও বিতান কুমার মন্ডলের এমন মানবিক আচরণে প্রত্যক্ষদর্শী সন্তুষ্ট প্রকাশ করেছেন।

মোশারফ হোসেন কুমারখালী/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর