ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সৌরভ বণিক (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রবিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর খাঁ বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সৌরভ বণিক উপজেলার রূপাপাত ইউনিয়নের রুপাপাত গ্রামের চাউল ব্যবসায়ী হরিপদ বণিকের ছেলে।
জানা যায়, সৌরভ বণিক বোয়ালমারী বাজার থেকে চাউলের বস্তা সেলাইয়ের সুতা ক্রয় করে মোটরসাইকেল যোগে রুপাপাত যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সৌরভ বণিক নিহত হয়। এ সময় তার সাথে থাকা চয়ন বণিকসহ আরও একজন আরোহী আহত হয়। পরে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্ঞানব্রত শুভ্র জানান, সৌরভকে হাসপাতালে নিয়ে আসার পর তাকে আমরা মৃত অবস্থায় পাই। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতাল থেকে সৌরভের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাকটি উপজেলার চিতাঘাটা নামক স্থান থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/পি