স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালগুলোতে যতগুলো শয্যা বাড়ানোর প্রয়োজন আমরা বাড়িয়েছি। হাসপাতালে শয্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই।
রোববার (১ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীর বিসিপিএসে প্রথমবর্ষের এমবিবিএস ক্লাসের (২০২০-২১) উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা এখনও জায়গা খুঁজছি, ভবন খুঁজছি। কিন্তু পাচ্ছি না। ভবন পাওয়া গেলেই হবে না, ডাক্তার, নার্স, যন্ত্রপাতি থাকতে হবে। আমরা সেটারও চেষ্টা করছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনার সংক্রমণ এখনও উর্ধ্বমুখী। ত্তরাঞ্চলে করোনার সংক্রমণ কম। আর মধ্যাঞ্চলে স্থিতিশীল আছে। তবে পূর্বাঞ্চল তথা চট্টগ্রাম, সিলেট, কুমিল্লায় সংক্রমণ বাড়ছে।
তিনি বলেন, প্রতিদিনই করোনায় মৃত্যু ও আক্রান্ত বাড়ছে। আমরা মৃত্যু ও সংক্রমণ কমিয়ে আনতে চাই। কিন্তু সবাই যদি স্বাস্থ্যবিধি না মানি তবে করোনার সংক্রমণ কমবে না। আপনারা জানেন সংক্রমণ হলে তার ১ দশমিক ৬ শতাংশ মৃত্যু হয়।
এদিকে গার্মেন্টস খোলায় সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আজ থেকে গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকার মানুষ কর্মস্থলে যোগ দিয়েছেন। এতে করোনার সংক্রমণ আরও বাড়বে। তবে জীবনের জন্য জীবিকার প্রয়োজন। সরকারকে সবকিছুই ভাবতে হয়।
তিনি আরও বলেন, আমরা টিকার কর্সসূচি শুরু করেছি। আগামী ৭ আগস্ট থেকে টিকার ক্যাম্প করা হবে। টিকার জন্য রেজিস্ট্রেশন করা লাগবে না। ভোটার আইডিকার্ড নিয়ে কেন্দ্রে গেলেই হবে। যাদের ভোটার আইডিকার্ড নেই তাদের বিশেষ ব্যবস্থায় টিকা দেয়া হবে।
বার্তা বাজার/নব