বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আমার দলের লোকেরা কি করে জড়িত ছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার অবাক লাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের দলের যারা ছিল, তারা কি করে জড়িত থাকল?

রোববার (১ আগস্ট) শোকের মাসের প্রথমদিনে কৃষক লীগের আয়োজনে ‘স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচি’র উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন বঙ্গবন্ধু কন্যা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুর খুনিদের বিচারের আওতায় এনেছি। তবে এই হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্রকারী কারা সেটা এখনও চিহ্নিত করা হয়নি। তবে একদিন এটিও আবিষ্কার হবে।

তিনি বলেন, এ মাসের ১৫ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই দেশটাকে স্বাধীন করেছিলেন, তাকে হত্যা করা হয়। সঙ্গে সঙ্গে আমার মা, যিনি সারাজীবন বঙ্গবন্ধুর পাশে ছিলেন। শুধু সংসার চালাননি পর্দার অন্তরালে থেকে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডও পরিচালনা করেছিলেন আমাদের স্বাধীনতার জন্য। তাকেও হত্যা করা হয়।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর খুনিদেরকে জিয়াউর রহমান বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়, পুনর্বাসনে সহযোগিতা করেছে। জিয়ার পথ ধরে জেনারেল এরশাদও এই খুনিদের রাজনীতি করার অধিকার দিয়েছে। এমনকি ভোট চুরি করে পার্লামেন্টের মেম্বার করে। তার থেকে আরও এক ধাপ এগিয়ে গেছেন খালেদা জিয়া। তিনি খুনি রশীদকে পার্লামেন্টে বসায় বিরোধী দলের নেতার চেয়ারে। আর এক খুনিকে পার্লামেন্টে মেম্বার করে এবং তাদেরকে পুরস্কৃত করে।

সরকারপ্রধান বলেন, ৯৬ সালে আমরা যখন প্রথমবার ক্ষমতায় আসি তখন এই বিচারের রায়ের দিন খালেদা জিয়া হরতাল দেয়। যাতে বিচারক আদালতে আসতে না পারে। ২০০১ এ খালেদা জিয়া ক্ষমতায় এসে এই খুনিদের আবার পৃষ্ঠপোষকতা করে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর