র‍্যাবের অভিযানে ৫ হাজার ইয়াবাসহ আটক ৪

র‍্যাব-৪ এর অভিযানে ঢাকার আশুলিয়া থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা ও ১টি গাঁজার গাছ সহ ৪ জন মাদক বিক্রেতা আটক হয়েছে। রবিবার (০১ আগষ্ট) বেলা ১১ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।

এর আগে শনিবার (৩১ জুলাই) বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটকরা হলো- মোঃ জসিম (২৭), আব্দুল্লাহ শুভ (২৮), সবুজ খাঁন (৩২) ও আব্দুল্লাহ (৩৪)। তারা সবাই টাঙ্গাইল জেলার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪৭৮৫ পিস ইয়াবা, ১টি কাঁচা গাঁজার গাছ, মাদক বিক্রিত নগদ ৪,৮৪৩ টাকা ও ৭টি মোবাইল সহ ৪ জন চিহ্নিত মাদক বিক্রেতাকে আটক করা হয়।

এব্যাপারে, র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, আসামীরা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ আশে-পাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো। তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর