ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যাত্রী ও পরিবহনের চাপ

ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যাত্রী ও পরিবহনের চাপ। রোববার (১ আগস্ট) থেকে শিল্প কারাখানা খোলার ঘোষণায় ঢাকামুখি পোশাক কারখানায় ছুটছেন শ্রমিকরা। ঢাকা লেনে দেখা গেছে উত্তরবঙ্গ থেকে যে যেমন পরিবহন পাচ্ছেন গন্তব্যে পৌঁচ্ছানোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন শ্রমিকরা। এতে মহাসড়কে বেড়েছে দূরপাল্লার ব্যাপক সংখ্যক বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন ধরণের গণপরিবহন।

রোববার (১ আগস্ট) বেলা ১১ টায় এমন চিত্র দেখা গেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায়। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে টাঙ্গাইলের কোন অংশে পরিবহনের যানজট বা ধীরগতি লক্ষ্য করা যায়নি। তবে বাসের ছাদে, খোলা ট্রাক, পিকআপ, থ্রি হুইলার, ভাড়ায় চালিত মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহনে চলাচল করতে দেখা গেছে পোশাক শ্রমিকদের।

গাজীপুর পোশাক কারখানায় কর্মরত সেলিনা বেগম বলেন, চাকুরী বাঁচাতে আমাদের কষ্ট করে যেতে হচ্ছে। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছি বাস পাচ্ছিনা। কিভাবে যাবো সেটি নিয়ে চিন্তায় আছি।

এ ব্যাপারে আশেকপুর বাইপাসে কর্তব্যরত টাঙ্গাইল মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আয়নুল বলেন, মহাসড়কে ভোর থেকে গাড়ির ব্যাপক চাপ রয়েছে। তবে এখন পর্যন্ত কোন যানজট সৃষ্টি হয়েছে সে খবর পাইনি।

হাসান সিকদার /বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর