রাজশাহী মেডিকেলের আরও ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৭ জন। এছাড়াও করোনা নেগেটিভ আরও ৫ জন মারা গেছে।

শনিবার (৩১ জুলাই) সকাল ৬টা থেকে রোববার(১ আগষ্ট) সকাল ৮টার মধ্যে করোনা ইউনিটে এই ১৮ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন, পাবনার তিনজন ও কুষ্টিয়ার একজন।

এদের মধ্যে ১১ জন পুরুষ এবং সাতজন নারী। যাদের পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে চারজন এবং ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে পাঁচজন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৫৩ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছে ৪১৮ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৮ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ১৯৫ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৬০ জন। যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৬৩ জন।

হাসপাতাল পরিচালক জানান, রাজশাহীতে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। শনিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৯ শতাংশ বেড়ে শনাক্তের হার ৩২ দশমিক ৭১ শতাংশ। যা আগের দিন শুক্রবার ছিল ২৪ দশমিক ৩২ শতাংশ।

মাহাবুল ইসলাম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর