ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, ভোগান্তিতে শ্রমিকরা

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। রোববার (১ আগস্ট) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার হতে টাঙ্গাইলের রাবনা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় ধীরগতির সৃষ্টি হয়। এতে গরমে দুর্ভোগ পোহাচ্ছে রাজধানীতে কর্মস্থলে ফেরা মানুষেরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি ও এলেঙ্গাতে ঢাকামুখী যানবাহনের দীর্ঘ চাপ। খোলা ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে কর্মস্থলে ফিরছে মানুষ। কাউকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। যে যার মতো গন্তব্যে ফিরছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের কোন তৎপরতাও দেখা যায়নি।

ট্রাক চালক মামুন মিয়া বলেন, সিরাজগঞ্জের নলকা ব্রিজ থেকে যানবাহনের চাপ রয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে টাঙ্গাইল অংশে ধীর গতিতে চলতে হচ্ছে।

গার্মেন্টস কর্মী শিউলি বেগম বলেন, হঠাৎ অফিস খুলে দেওয়ায় আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ৩০০ টাকার ভাড়া ৮০০ টাকা দিয়ে যেতে হচ্ছে।

তারেক খান নামের অপরজন বলেন, আমরা গরিব মানুষ। ঝুঁকি থাকলেও গার্মেন্টসে যেতে হচ্ছে। না গেলে চাকরি থাকবো না। তখন না খেয়ে মরতে হবে। তাই করোনার ঝুঁকি ও দুর্ভোগে কর্মস্থলে ফিরতে হচ্ছে।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাতের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর