কক্সবাজারে পৃথক অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক ভাবে অভিযান চালিয়ে ৩৫ হাজার ৮শ পিস ইয়াবা বড়ি ও নগদ দেড় লাখ টাকাসহ তিন নারী পুরুষকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। এসময় পাকচার কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

রামু ৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইব্রাহিম ফারুক জানান, শনিবার (৩১ আগষ্ট) বিকেলে রোহিঙ্গা শিবিরে পণ্য খালাস করে ফেরার পথে মরিচ্যা তল্লাশী চৌকিতে বগুড়াগামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ বগুড়ার কাহালু উপজেলার মুরইল গ্রামের আবদুর খালেক আখন্দের ছেলে ট্রাক চালক মিলন আখন্দকে আটক করা হয়।

এসময় তার কাছে নগদ ২০ হাজার টাকা পাওয়া যায়। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক গুলো ট্রাকের মালিক বগুড়ার ফুলবাড়ি গ্রামের আলাউদ্দিনের পুত্র আরিফুর রহমান আরিফের কাছে নিয়ে যাচ্ছিলো বলে স্বীকার করেছে।

আপরদিকে, ৩০ জুলাই বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটার এম.কে.বি ব্রিক ফিল্ড সংলগ্ন হোয়াইক্যং-শাপলাপুর সড়কে অভিযান চালিয়ে ওই এলাকার শাহ আলমের স্ত্রী তাজমিন আক্তার (২৪) কে ৭হাজার ৮০০পিস ইয়াবা বড়িসহ আটক করেছে বলে জানিয়েছে র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

এছাড়াও একইদিনে, উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মনখালী এলাকায় শাপলাপুর-কোটবাজার সড়কে অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবা বড়ি ও মাদক বিক্রির নগদ ১লাখ ৩০হাজার টাকাসহ ওই এলাকার তোফায়েল আহমদের স্ত্রী মিনুয়ারা বেগম মিনু (৩০) কে আটক করে র‍্যাব সদস্যরা।

এসময় মিনুর অপর সহযোগী পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি।

আটককৃতদের আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর