সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধে চট্টলা ইয়ুথ কেয়ারের অবস্থান কর্মসূচী

চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে চট্টলা ইয়ুথ কেয়ার।

শনিবার (৩১ জুলাই) নগরীর সিআরবি এলাকায় চট্টলা ইয়ুথ কেয়ারের ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচী পালনে নেতৃত্ব দেন প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী।

মুখে মাস্ক পড়ে ও অক্সিজেন সিলিন্ডার সাথে নিয়ে অবস্থান কর্মসূচী পালনকালে নাসিরুদ্দিন বলেন, সিআরবি এলাকা হলো প্রকৃতির এক অপরূপ দান। নানান ঐতিহ্য আর সৌন্দর্যে ঘেরা এই সিআরবি এলাকা। এটা চট্টগ্রামের প্রাণের স্পন্দন। এছাড়াও এখানে রয়েছে মুক্তিযোদ্ধাদের কবর। তাই এখানকার প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় হাসপাতাল নির্মাণ বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান, চবি পালি ও প্রাচ্যভাষা বিভাগের অধ্যাপক ডাঃ জিনবোধি ভিক্ষু, ১৪ দলের নেতা ও জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী ইন্দু নন্দন দত্ত, মহানগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, জাসদ ও বাসদ নেতা সিরাজুল ইসলাম রাজু, প্রকাশক ও নারী নেত্রী রেহেনা চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি আসিফ সিরাজ, চট্টল ইয়ুথ কয়ার এর সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র বণিক, সাংগঠনিক সম্পাদক সুজিত দাশ অপু সহ প্রমুখ।

উল্লেখ্য, এর আগে গত ১৯ জুলাই (সোমবার) সিআরবিতে হাসপাতাল বন্ধের আবেদন জানিয়ে এডভোকেট সানোয়ার হোসেন লাভলুর করা মামলায় ১৬ জনের বিরুদ্ধে সমন জারি করে আদালত। চট্টগ্রাম সিনিয়র সহকারী জজ ১ নম্বর আমলি আদালতের বিচারক রুবায়েত ফেরদৌস মামলার ১৬ জন বিবাদীর বিরুদ্ধে সমন জারি করা হয়।

মামলার বিবাদীরা হলেন, মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, সিডিএ’র সচিব, ওয়াসার সচিব, পিডিবির প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, চসিকের সচিব, ফায়ার সার্ভিসের উপ পরিচালক, বিস্ফোরক দ্রব্য অধিদপ্তরের উপ পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের সচিব, রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম, এস্টেট অফিসার, সভাপতি/সাধারণ সম্পাদক চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, জেলা প্রশাসক ও সিএমপি কমিশনার।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী /বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর