বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর সাভারে স্বাস্থ্য সুরক্ষায় নানা পদক্ষেপ

বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর ঢাকার সাভার উপজেলায় স্বাস্থ্য সুরক্ষায় বেশ কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে। এর ভিতরে রয়েছে- করোনার ভ্যাক্সিন প্রদানের আরও দুইটি নতুন বুথ স্থাপন, আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১৮টি নতুন জনবল প্রদান ইত্যাদি।

শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. বেলাল হোসেন সাভারের স্বাস্থ্য ব্যবস্থার সর্বশেষ হাল পরিদর্শনে এলে বিষয়টি সম্পর্কে জানা যায়।

শনিবার দুপুরে ডা. মো. বেলাল হোসেন আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তিনি এই হাসপাতালে সাভারে করোনার ভ্যাক্সিন প্রদানের জন্য আরও নতুন দুইটি ‘বুথ’ স্থাপনের নির্দেশনা প্রদান করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৮ জুলাই, ২০২১ তারিখে বার্তা বাজারে “সাভারে করোনা ভ্যাক্সিন প্রদানের আরও ‘বুথ’ দরকার” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সাভার উপজেলা প্রশাসন, উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি সহ স্বাস্থ্য অধিদপ্তরের নজরে আসার পরে সাভারে ‘করোনা ভ্যাক্সিনেশন প্রক্রিয়া আরও গতিশীল করতে এই পদক্ষেপ গ্রহন করা হলো।

ইতোপূর্বে বার্তা বাজার অনলাইন পোর্টালে আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অপ্রতুল জনবল নিয়ে কয়েক দফায় প্রতিবেদন প্রকাশিত হয়। এর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এর লিখিত আদেশে সেখানে ১৮টি নতুন জনবল প্রদান করা হয়। এই জনবলের ভিতর ৫ জন চিকিৎসক এবং ১৩ জন ষ্টাফ রয়েছেন।

শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. বেলাল হোসেন আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে যান এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ঢাকা জেলার সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় এই হাসপাতালকে ‘ডেঙ্গু ডেডিকেটেড’ হাসপাতালে রুপান্তরের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি এই রুপান্তর কার্যক্রম পরিদর্শনে তার সন্তোষ প্রকাশ করেন। এখন থেকে এই হাসপাতালে ডেঙ্গু সনাক্তকরণ ও এর চিকিৎসা প্রদান করা হবে।

এর আগে, শনিবার সকাল ১০ ঘটিকায় স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. বেলাল হোসেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এসময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন আউটডোর ও ইনডোর চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভেষজ বাগানে একটি বৃক্ষ রোপন করেন ডা. মো. বেলাল হোসেন।

পরে, সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে করোনার ভ্যাক্সিন প্রদান কার্যক্রম পরিদর্শনে যান তিনি। সামগ্রিক ভ্যাক্সিনেশন কার্যক্রমেও তিনি তার সন্তোষ প্রকাশ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. বেলাল হোসেন এর সাথে এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা সহ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।

পরে বার্তা বাজারকে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা জানান, গণমাধ্যম হলো সাধারণ জনগণ এবং রাষ্ট্রযন্ত্রের মধ্যেকার সেতু স্বরুপ। জনগণের দুঃখ-দুর্দশা এবং তাদের সমস্যা আপনাদের দ্বারা প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগের গোচরীভূত হয়।

এই যেমন আপনাদের প্রতিবেদনের মাধ্যমেই আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল তার নতুন ১৮টি জনবল পেয়েছে, করোনার ভ্যাক্সিন প্রদানের জন্য আরও দুইটি নতুন বুথ স্থাপনের নির্দেশনা এসেছে। আসলে এটাই পাওয়া এবং স্বার্থকতা। তাই জনগনের জন্যই ইতিবাচক মনোভাব নিয়ে প্রতিবেদন প্রকাশে সকলেরই ভালো হয়।

আপনাদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আমি ধন্যবাদ জানাই স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. বেলাল হোসেন স্যার এবং ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্যার দ্বয়কে। সাভারের স্বাস্থ্য খাতের উন্নয়নে তারা উভয়েই যেকোনো চাহিদা আমাদের জন্য পূরণ করছেন।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর