লকডাউন অমান্য করে চলছে বাস; সিটে ৪০০, দাঁড়িয়ে ৩০০

করোনার সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউনের মধ্যেই আগামীকাল (১ আগস্ট) থেকে শিল্পকারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্পকারখানা খোলার খবরে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে।

এদিকে শিল্পকারখানা খুলে দেওয়ায় টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ডে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলে করে ঢাকার দিকে ছুটছেন পোশাক শ্রমিকরা।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে এ দৃশ্য চোখে পড়ে।

লকডাউন অমান্য করে চলছে বাস। এক্ষেত্রে গুণতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। সিটে বসে গেলে জনপ্রতি ৪০০ টাকা ও দাঁড়িয়ে গেলে দিতে হচ্ছে ৩০০ টাকা। গাদাগাদি করে গন্তব্যে ছুটছেন তারা, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সিএনজি ও মোটরসাইকেলে জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা ভাড়া দিতে হচ্ছে।

যাত্রীরা জানান, কাল থেকে গার্মেন্টস খোলা। চাকরি বাঁচাতে প্রাইভেটকার, সিএনজি, মাইক্রোবাসে, মোটরসাইকেল ও বাসে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন তারা।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব বলেন, শিল্পকারখানা খুলে দেওয়ায় আজ সকাল থেকে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। তবে বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। যাত্রীদের স্বাস্থবিধি মানাতে আমরা কাজ করে যাচ্ছি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর