রাজশাহী নগরীতে একটি কলেজের চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার ও চুরি যাওয়া কম্পিউটার সামগ্রী জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো- নগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়ার মৃত শরিফ মন্ডলের ছেলে আনারুল (৩৪), বহরমপুর ব্যাংক কলোনীর মৃত আ. সামাদের ছেলে সানোয়ার হোসেন কালু (৪০), মৃত সোলাইমানের ছেলে শাহীন শেখ টিটু (৪৪) ও জামিরুল শেখ লিটন (৪৬)।
জানা যায়, করোনা ভাইরাসের কারণে রাজশাহী নগরীর রাজপাড়া থানার বহরমপুর সিটি বাইপাস ইস্ট ওয়েস্ট স্কুল অ্যান্ড কলেজটি বন্ধ থাকায় কলেজের অধ্যক্ষ আকতার হোসেন একাই নিয়মিত অফিসের কাজ কর্ম করতেন। গত ১৯ জুলাই ১১ টায় তিনি অফিস বন্ধ করে বাসায় যান। পরদিন সকাল ৭ টায় অফিসে এসে দেখতে পান প্রতিষ্ঠানের নিচ তলার জানালার গ্রিল কাটা। ভিতরে প্রবেশ করে দেখেন প্রতিষ্ঠানের প্রজেক্টর, কম্পিউটার সরঞ্জামাদি ও নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা করা হয়।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন ও তার টিম রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামের দিকনির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বহরমপুর মোড় হতে আসামী আনারুল ও সানোয়ার হোসেনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি স্ক্যানার মেশিন ও ফ্যান উদ্ধার হয়।
আসামীদ্বয়ের তথ্যের ভিত্তিতে গতকাল ৩০ জুলাই রাত সাড়ে ১১ টায় রাজপাড়া থানা পুলিশের ঐ টিম অভিযান পরিচালনা করে বহরমপুর এলাকা থেকে আরো দুই আসামীকে গ্রেফতার করে। আসামীদের থেকে ১ টি রাউটার, ৪ টি মনিটর, ৪ টি কম্পিউটার উদ্ধার হয়। অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
মাহাবুল ইসলাম/বার্তা বাজার/এসবি