ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু, বেশি আক্রান্ত শিশুরা

দেশে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ডেঙ্গু মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

চিকিৎসকরা বলছেন, গত এক সপ্তাহে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে। ১ থেকে ৫ বছর বয়সী শিশুরা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে। কঠোর বিধিনিষিধের মধ্যে বাসায় থাকায় তারা আক্রান্ত হচ্ছে।

গত কয়েকদিন ধরে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। অতীতের সব রেকর্ড ভেঙ্গে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।

বর্তমান সময়ে জ্বরে আক্রান্ত হলে করোনা ও ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া বিপদ চিহ্ন দেখা দিলেই হাসপাতালে নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা।

ঢাকা শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রিজওয়ানুল আহসান বিপুল বলেন, বাসা যদি আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখি তাহলে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পেটে ব্যথা, বমি, মাথা ব্যথা ও ইউরিন আউটপুট কমে যেতে পারে। এসব লক্ষণ দেখা দিলে শিশুকে অবশ্যই হাসপাতালে নিয়ে আসতে হবে।

ডেঙ্গু প্রকোপ বাড়তে থাকায় সবাইকে বাসাবাড়িতে অব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রে পানি জমতে না দেওয়াসহ দিনে ও রাতে মশারি টানানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর