চাকরি বাঁচাতে ঢাকামুখী শ্রমিকদের সড়ক অবরোধ

হঠাৎ করেই গার্মেন্টসসহ রপ্তানিমুখী সব শিল্প ও কারখানা খোলার খবরে শ্রমিকদের ঢল নেমেছে সড়কে। গণপরিবহন না পেয়ে রাস্তায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

মোবাইল ফোনে গতকাল মেসেজ পাওয়ায় কর্মস্থলে ফেরার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন ঢাকা, গাজীপুর ও নারায়নগঞ্জের গার্মেন্টস ও কারখানায় কর্মরত রংপুর অঞ্চলের শ্রমিকরা।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলার শ্রমিকরা ঢাকায় ফিরতে নগরীর মডার্ন মোড়ে আসলে হাজার হাজার শ্রমিকদের ভীড়ে জনসমুদ্রে পরিণত হয়। এসময় ঢাকায় ফেরার কোন গাড়ি না পাওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এসময় বাদ যায়নি পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি। সকল প্রকার পণ্যবাহী ট্রাক ও যানবাহন আটকিয়ে দেয় তারা। মেডিক্যাল মোড় থেকে মডার্ন মোড় পর্যন্ত সৃষ্টি হয় তীব্র যানজটের।

লকডাউনের কারণে গাড়ী না থাকায় বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত টাকা দিয়ে অটো রিজার্ভ করে মডার্ন মোড়ে ঢাকামুখী গাড়ীর খোঁজে ভিড় করছেন শ্রমিকরা।

ঢাকামুখী গার্মেন্টস শ্রমিকরা বলেন, ৫ আগষ্ট পর্যন্ত লকডাউন থাকলেও ২ তারিখের মধ্যে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত নিয়েছে। ফলে জীবিকার তাগিদেই অনেকটা বাধ্য হয়ে তাদের ঢাকার উদ্দ্যেশে রওনা দিতে হয়েছে। কিন্তু লকডাউনের কারনে যানবাহন না থাকায় চরম বেকায়দায় পড়েছেন তারা। তাদের দাবী গার্মেন্টস বন্ধ রাখা হোক নয়তো ঢাকা যাবার জন্য যানবাহন খুলে দেয়া হোক।

সড়ক অবোধে শ্রমিকদের শান্ত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সেখানে আসলেও বিক্ষোভ কমেনি। এসময় পুলিশের পক্ষ থেকে হ্যান্ড মাইকে বিভিন্ন আশ্বাস দেয়া হলেও তা মানতে নারাজ বিক্ষোভকারী শ্রমিকরা।

রংপুর মহানগর কোতোয়ালি জোনের সহকারী কমিশনার আলতাফ হোসেন জানান, গার্মেন্টস কর্মী ও শ্রমিকদের এই সমস্যা সমাধানে আমরা উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি।

এদিকে গতকাল রাত থেকে বিভিন্ন মালবাহী ট্রাকে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে অনেক মানুষকে।

রকি আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর