লক্ষ্মীপুরে লঞ্চ-ফেরিঘাটে ঢাকা-চট্টগ্রামমুখী গার্মেন্টস শ্রমিকদের ভিড়
করোনাভাইরাসের সংক্রমণরোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামীকাল রোববার (১ আগস্ট) থেকে রফতানিমুখী শিল্প-কারখানা খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। এ খবরে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ফেরিঘাট ও মতিরহাট লঞ্চ ঘাটে ঢাকা ও চট্টগ্রামমুখী যাত্রীদের ভিড় বেড়েছে।
শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই ভোলা- বরিশাল ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত। তবে ফেরি পারাপারের সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছেন না যাত্রীরা।
এদিকে, গণপরিবহন বন্ধ থাকায় পশ্চিমাঞ্চলেন বিভিন্ন জেলার মানুষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে লঞ্চ, ফেরি, নৌকায় করে এসব ঘাটে এসে জড় হচ্ছেন যাত্রীরা। পরে এসব এসব অঞ্চল থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, অটোরিকশায় করে ঢাকা-চট্টগ্রামের উদ্দেশে রওনা করছেন তারা।
ঢাকা ও চট্টগ্রামমুখী যাত্রীরা জানিয়েছেন, আগামীকাল থেকে তাদের কারখানা খুলছে। এ জন্য ভোগান্তি সত্বেও কর্মস্থলে যেতে হচ্ছে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে যেতে হচ্ছে। একইসঙ্গে কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে
করোনার সংক্রমণ রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এ বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন, সরকারি-বেসরকারি অফিস বন্ধ আছে। খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াকরণ, চামড়া পরিবহন-সংরক্ষণ ও ওষুধ খাত ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের শিল্প-কারখানা।
এরমধ্যে গার্মেন্টসসহ সব ধরনের শিল্প-কারখানা খুলে দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন মালিকরা। বৃহস্পতিবার (২৯ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এ দাবি জানান।
এরপরই শুক্রবার (৩০ আগস্ট) রফতানিমুখী শিল্প-কারখানা খুলে দেয়ার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্প ও কলকারখানা আরোপিত বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।
সাকির মোঃ রাসেল/বার্তা বাজার/এসবি