আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীর সম্মানিত ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৩১ জুলাই) দুপুরে র্যাব হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি জানান, জয়যাত্রা টেলিভিশন থেকে অনেককে বেতন না দিয়েই চাকরিচ্যুত করেছেন। প্রতিনিধি নিয়োগের নামে হেলেনা জাহাঙ্গীর মোটা অঙ্কের চাদা আদায় করতেন।
তিনি আরও জানান, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে কেউ নেতিবাচক মন্তব্য করলে তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হেয় করতেন তিনি।
হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক, বন্যপ্রাণী সংরক্ষণ ও টেলিযোগাযোগ আইনে গুলশান থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার (৩০ জুলাই) হেলেনাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় হেলেনাকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে আদালত হেলেনার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বার্তা বাজার/নব