ভারত থেকে ৬’শ টন তরল অক্সিজেন সিরাজগঞ্জে খালাস

করোনা সংকট মোকাবেলায় এ যাবত তিনটি চালানে ভারত থেকে ৬’শ টন তরল অক্সিজেন সিরাজগঞ্জে খালাস হয়েছে। সর্বশেষ শনিবার (৩১ জুলাই) ভোর ৭টা থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে আসা বিশেষ ট্রেন থেকে অক্সিজেন খালাস শুরু হয়।

এর আগে ২৫ জুলাই ও ২৮ জুলাই একই ট্রেনে ২০০ টন করে অক্সিজেন নিয়ে দেশে আসে ভারতীয় ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনটি। অক্সিজেন ভর্তি ১০টি কন্টেইনার নিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে পৌঁছায়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেন বলেন, ‘অক্সিজেনবাহী ট্রেন ইন্দ্রো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি রাত ১টা ২০ মিনিটে এসে পৌঁছলে সকাল থেকে খালাস শুরু হয়। বিকেলে খালাস শেষে ট্রেনটি আবার ভারতে ফেরত যাবে। এ যাবত ভারত থেকে তিনটি চালানে ৬’শ টন অক্সিজেন দেশে এলো।

এদিকে লিনডে বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেনবাহী লরিতে অক্সিজেন খালাস শুরু হয়েছে। অক্সিজেন খালাস শেষে সড়ক পথে লিনডের নারায়ণগঞ্জের রূপগঞ্জ কারখানায় নিয়ে যাওয়া হবে। এরপর প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।

এম এ মালেক/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর