বিএনপি-জামায়াত-হেফাজত এক মুখে ১২ রকমের কথা বলে: নাছিম

বিএনপি-জামায়াত-হেফাজত করোনার মতো রূপ বদল করছে বলে মন্ব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, করোনা যেমন মিউটেশন করে বারবার রূপ পরিবর্তন করে, তেমনি বিএনপি-জামায়াত-হেফাজতও বারবার নিজেদের রূপ পরিবর্তন করছে। এদের সুর নিয়মিত পরিবর্তন হয়। একই মানুষ একই মুখে ৬ থেকে ১২ রকমের কথা বলেন।

শনিবার(৩১ জুলাই) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অসহাদের মধ্যে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাছিম বলেন, তারা কখনো ভ্যাকসিন নিয়ে অপপ্রচারে ব্যস্ত, কখনো মাস্ক পরিধান নিয়ে বিভ্রান্ত করতে ব্যস্ত। লকডাউন নিয়ে তারা একেক সময় একেক কথা বলেন। আমাদের করোনা থেকে যেমন মুক্তি পেতে হবে, তেমন এই সাম্প্রদায়িক অপরাজনীতিবিদদের কাছ থেকে সচেতন থাকতে হবে।

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব বলেন, যারা মানুষের জন্য রাজনীতি করে না, মানুষকে ভালোবাসে না, তারা গুজবের ফ্যাক্টরিতে বসে মানুষকে বিভ্রান্ত করতে ব্যস্ত। তারা মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে, ভ্যাকসিন নিয়ে, লকডাউন নিয়ে অপপ্রচার করছে। তারা ভ্যাকসিন নিয়ে প্রথমে অপপ্রচারে ব্যস্ত ছিল, তারপর নিজেরাই ভ্যাকসিন নিয়েছে। বিভ্রান্তি আর গুজব ছড়ানোই তাদের রাজনীতি। যারা দুর্নীতিতে বিশ্ব খেতাবধারী তারা সত্যের পাশে যেতে পারেনি। তাদের সত্য বলার আহ্বান জানাই। করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য সবার স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, মাস্ক যথাযথভাবে পরা উচিত।

কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম আরও বলেন, করোনাভাইরাসের শুরু থেকেই বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ নানাবিধ কর্মসূচি পালন করে আসছে। করোনার প্রথম থেকেই আমাদের সম্মানিত সদস্যরা নিজেদের ফান্ডে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমরা সাধ্যমতো মানুষের পাশে থাকবো।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর