টাঙ্গাইলে এক মাসে করোনায় মৃত্যু ১০২ জনের

টাঙ্গাইলে নতুন করে ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জুলাই মাসে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৫ হাজার ৯২৪ জনের। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জুলাই মাসের ৩০ দিনে মারা গেছেন ১০২ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছর ৮ এপ্রিল। গত ৩০ জুন পর্যন্ত জেলায় শনাক্তের সংখ্যা ছিল ৭ হাজার ৭০৭ জন।

চলতি জুলাই মাসের ৩০ দিনেই আক্রান্ত ৫ হাজার ৯১৪ জন। গত ২৪ ঘণ্টায় ৫৫৬টি নমুনা পরীক্ষা করে ১৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৩৩ শতাংশ। জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৬২১ জনের।

জেলায় প্রথম করোনায় মৃত্যু হয় গত বছর ২০ এপ্রিল। গত ৩০ জুন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছিল ১০৮ জন। চলতি জুলাই মাসের ৩০ দিনে ১০২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ২১০ জনের।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, জুলাই মাসে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। করোনার ডেল্টা ভেরিয়েন্ট খুব দ্রুত ছড়ায়। তাই করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর