ফাঁকফোকর দিয়ে দলের উপ-কমিটিতে ঢোকা সমীচীন হয়নি: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ফাঁকফোকর দিয়ে দলের উপ-কমিটিতে এ ধরনের কারো ঢোকা সমীচীন হয়নি।

তিনি বলেন, এদের কমিটিতে রাখার ব্যাপারে আরও সতর্কতা অবলম্বন করার প্রয়োজন ছিল। যারা সুপারিশ করেছেন তাদের আরও জানাশোনার দরকার ছিল। তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে ড. হাছান মাহমুদ তার সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এ সময় হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা আইপি টেলিভিশন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, জয়যাত্রা আইপি টিভির ব্যাপারে অভিযোগগুলো আমরা খতিয়ে দেখবো। সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে এই পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনোর সরঞ্জাম, বৈদেশিক মুদ্রা, হরিণের চামড়া ও চাকু জব্দ করে র‍্যাব।

এরপর হেলেনা জাহাঙ্গীরকে আটক করে রাত ২টা থেকে রাত ৪টা পর্যন্ত মিরপুর-১১ নম্বরের এ ব্লকের তিন নম্বর রোডে জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়ে অভিযান পরিচালনা করে র‌্যাব।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর