নিয়ম-নীতিহীন আইপি টিভি’র বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নিয়ম-নীতিহীন আইপি টিভি’র বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলে।
শুক্রবার (৩০ জুলাই) দুপুরে ড. হাছান মাহমুদ তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
তিনি বলেন, কিছু আইপি টিভি অনেক সময় গুজব রটানোতে যুক্ত হয়, অসত্য তথ্য পরিবেশন করে। আবার দেখা যায় অনুমোদন পাবার আগেই কেউ কেউ টেলিভিশন চ্যানেলের মতো অফিস খুলে বসেছে, জেলা প্রতিনিধি নিয়োগ দিচ্ছে। এসব বিষয়কে একটা নিয়ম-নীতির মধ্যে আনা প্রয়োজন।
দেশব্যাপী ব্যাঙের ছাতার মতো আইপি টিভি খুলে যার যেমন ইচ্ছে তেমন করবে সেটা কখনও আইনসম্মত বা বাঞ্ছনীয় নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ভালো মানের আইপি টিভি অনুমোদন পাবে এবং যেগুলোর বিষয়ে নানা অভিযোগ আছে, সেগুলো খতিয়ে দেখে সহসাই ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, আইপি টিভিগুলোর কাছ থেকে রেজিষ্ট্রেশনের জন্য দরখাস্ত আহ্বান করেছিল মন্ত্রণালয়। প্রায় পাঁচশতাধিক দরখাস্ত জমা পড়েছে এবং সেগুলো যাচাই-বাছাইয়ের কাজও আমরা গুছিয়ে এনেছি। যেগুলোর মান ভালো, সেগুলোর রেজিষ্ট্রেশন দেয়া হবে।
বার্তা বাজার/নব