করোনায় কেড়ে নিল ভূঞাপুর উপজেলার চেয়ারম্যানের প্রাণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৩০ জুলাই) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আবদুল হালিমের ব্যক্তিগত সহকারী কামরুল হাসান জানান, ৩ জুলাই হালিম জ্বরে আক্রান্ত হন। ওই দিনই তিনি, তাঁর স্ত্রী এবং তাঁর বাসার দুই গৃহকর্মী করোনা পরীক্ষার জন্য ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরীক্ষায় তাঁদের চারজনের করোনা শনাক্ত হয়।

তিনি আরও জানান, বাসায় অবস্থান করেই তাঁরা চিকিৎসা নিচ্ছিলেন। পরে হালিমের অবস্থার অবনতি হওয়ার পর ১১ জুলাই তাঁকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর হৃদযন্ত্রসহ শারীরিক নানা জটিলতা দেখা দেয়।

শুক্রবার (৩০ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর স্ত্রী এবং দুই গৃহকর্মী করোনামুক্ত হয়েছেন। হালিম স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে ভূঞাপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রথম এবং সন্ধ্যায় তাঁর গ্রামের বাড়ি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের শাবলকুড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হবে।

হালিম টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি। ছাত্রলীগের মাধ্যমে তাঁর রাজনীতিতে হাতেখড়ি। তিনি ভূঞাপুর ইব্রাহিম খাঁ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হালিম ২০১৪ সালে এবং ২০১৯ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর