পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তাছাড়াও প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিট ধরে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার (৩০ জুলাই) সকালে গুলশানের নগর ভবন থেকে ডিএনসিসির বিভিন্ন এলাকার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার সময় এই আহ্বান জানান ডিএনসিসি মেয়র।
মেয়র আতিক জানান, তিনি নিজে আগামীকাল শনিবার সকাল ১০টায় ১০ মিনিট নিজের বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করবেন এবং তাঁর ফেসবুক ভেরিফাইড পেইজ (Atiqul Islam) থেকেও তা শেয়ার করবেন।
ডিএনসিসি মেয়র নগরবাসীকেও একযোগে একই সময়ে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার করতে এবং তা ফেসবুকে শেয়ার দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত সব মসজিদের ইমামরা যাতে শুক্রবারের জুম্মার নামাজের খুতবায় মুসল্লিদের উদ্দেশে ‘১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে অন্তত পাঁচ মিনিট আলোচনা করেন সেজন্য অনুরোধপত্র পাঠানো হয়েছে।
আতিকুল ইসলাম বলেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সমাজের সবস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি বলেন, নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। করোনা মহামারি চলাকালে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারণে মৃত্যু না হয়, সেজন্যই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে ২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত শুক্রবার ছাড়া ১০ দিনব্যাপী মশক নিধনে চিরুনি অভিযানসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আতিকুল ইসলাম জানান, নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪টি নগর স্বাস্থ্যকেন্দ্রেই ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, নাগরিক সেবায় ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপস, জরুরি সেবায় ৩৩৩ নম্বর এবং ডিএনসিসির ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন চালু রয়েছে।
বার্তাবাজার/পি