করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ার জন্য ৩০ থেকে কমিয়ে সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছে সরকার। এর ফলে এখন থেকে ২৫ বছর বা তার বেশি বয়সী সাধারণ নাগরিকরা করোনার টিকা নিতে পারবেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) টিকা গ্রহণ নিবন্ধন ওয়েবসাইট ও অ্যাপ ‘সুরক্ষা’য় নিবন্ধন করতে গিয়ে দেখা যায়, ২৫ বছর ও এর তদূর্ধ্ব বয়সীদের টিকার নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়েছে।
দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। টিকা নিবন্ধনের শুরুর দিকে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়েছিল। পরে তা ৪৪ বছর করা হয়।
এরপর দ্বিতীয় দফায় কমিয়ে ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার। গত ৫ জুলাই তৃতীয় দফায় টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা কমিয়ে ৩৫ বছর করা হয়। পরে গত ১৯ জুলাই চতুর্থ দফায় তা আরো কমিয়ে ৩০ বছর করা হয়।
বার্তা বাজার/নব