শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত আনার দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড.অনিত মুখার্জীর সভাপতিত্বে মানববন্ধন বক্তব্যে রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি এড.আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশিক-ই-এলাহী, মুুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভিন সেঁজুতি, বঙ্গবন্ধু ফাউন্ডশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণ নাথ দাশ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী নূর চৌধুরী বর্তমান কানাডায় অবস্থান করছেন। নয় বছর আগে থেকে বাংলাদেশ সরকার আইনি লড়ায়ের মাধ্যমে নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ গ্রহণ করলেও কানাডা সরকার এখনো তাকে ফেরত দেয়নি। কানাডা সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, আপনারা নূর চৌধুরীকে ফেরত দেওয়ার মধ্যদিয়ে একটি নৃ:শংস হত্যাকান্ডের ন্যায় বিচার সহযোগিতা করুন। বক্তারা অবিলম্বে নূর চৌধুরীকে ফেরত দেয়ার আহবান জানান।