সাভার উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদের সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় সাভার উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে করোনার সংক্রমন রোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। এসময় সভার সভাপতি মঞ্জুরুল আলম রাজীব উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটিকে গ্রামপর্যায়ে করোনা বিস্তার রোধে করণীয় সকল কিছু বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
সভা শেষে মঞ্জুরুল আলম রাজীব সাংবাদিকদের জানান, ইতোমধ্যে উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এর মূল কারণ সচেতনতার অভাব।
এজন্য ইউনিয়নের ওয়ার্ড লেভেলে করোনা মোকাবেলায় আমাদের পরিপত্র অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে কমিটি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এসব কমিটিতে স্থানীয়রা থাকার পাশাপাশি চেয়ারম্যান, মেম্বার, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, পল্লী চিকিৎসক, সাংবাদিকবৃন্দও থাকবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনার ভয়াল থাবা রোধে কাজ করবো।
তিনি আরও জানান, ইউনিয়ন ভিত্তিক এই কার্যক্রমে যার যার অবস্থান থেকে জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্যও বলা হয়েছে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, সাভারবাসী সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলবেন এবং করোনা মোকাবেলায় সরকারকে সাহায্য করবেন এই আশা রাখছি।
মাসিক সাধারণ সভায় এসময় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, সাভার উপজেলার তিনটি রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ অন্যরা।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি