আফগানিস্তান বিশ্বকাপে এখনো কোনো ম্যাচ জিততে পারেনি। অন্যদিকে, পাকিস্তান সেমিফাইনালে ওঠার জন্য রীতিমতো কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে। আজ শনিবার লর্ডসে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে এ দু’দল।
এর আগে টস পর্ব। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।
সেমিফাইনালে ওঠার জন্য আজ পাকিস্তানকে আফগানদের বিপক্ষে জিততেই হবে। কারণ পাকিস্তানের সঙ্গে একই পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচ নম্বরে আছে বাংলাদেশ। উপরন্তু রান রেটেও পাকদের চেয়ে বহুগুণে এগিয়ে আছে টাইগাররা। তাই আজকের ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় বাংলাদেশকে টপকানোর আপ্রাণ চেষ্টা চালাবে সরফরাজরা।
প্রথম তিন ম্যাচে হেরে এবং একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর বিশ্বকাপ থেকে বাদ পড়তে চলেছিল পাকিস্তান। কিন্তু দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হারিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। অন্যদিকে, ইংল্যান্ডও কয়েকটি খেলায় হেরে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
অন্যদিকে, আফগানিস্তান যে সম্ভাবনা নিয়ে বিশ্বকাপের আসরে এসেছিল, তার প্রতিফলন মাঠে দেখাতে পারেনি। বিশ্বকাপের আগে দলটিতে আনা পরিবর্তন আফগানদের বোঝাপড়াকেও সমস্যায় ফেলেছে। এরপরও ভারতের বিরুদ্ধে অপ্রত্যাশিত জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেও শেষ মুহূর্তে হেরে বসে তারা। সঙ্গত কারণে তারাও চাইবে পাকিস্তানের মতো বড় দলের বিরুদ্ধে একটি জয় নিয়ে টুর্নামেন্ট থেকে বাড়ি ফিরতে।
পাকিস্তান দল-
সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শাহীন আফ্রিদী, ওহাব রিয়াজ
আফগানিস্তান দল-
হযরতউল্লাহ জাজাই, গুলবাদিন নায়েব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলখিল (উইকেটরক্ষক), রাশিদ খান, আফতাব আলম ও মুজিব উর রহমান।