দেড় হাজার টাকা কেজি ধরে বিক্রি হলো পাঙ্গাস মাছ!
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় ধরা পড়লো ২৬ কেজি ওজনের পাঙ্গাশ মাছ।মঙ্গলবার (২৭ জুলাই) মধ্যরাতে জেলে পরান হালদারের জালে মাছটি ধরা পড়ে। তার বাড়ি মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকায়।
বুধবার সকালে মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৪৫০ টাকা দরে বিক্রি করা হয়। মাছটির দাম হয় ৩৭ হাজার ৭০০ টাকা। পরে দৌলতদিয়া ফেরিগাটের মৎস্য ব্যবসায়ী মো. লালচাঁদ খান, মো. মাসুদ মোল্লা ও মো. মজিবর খান যৌথভাবেকিনে নেন।
এ প্রসঙ্গে ব্যবসায়ী লালচাঁদ খান বলেন, পদ্মা নদীর পাঙ্গাশ মাছের প্রচুর চাহিদা থাকায় এর দামও বেশ চড়া। মাছটি তারা ঢাকার এক ব্যবসায়ীর কাছে দেড় হাজার টাকা কেজি দরে ৩৯ হাজার টাকায় বিক্রি করেছেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন বর্ষা মৌসুম। এ মৌসুমে পদ্মা নদীতে বড় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মিঠা পানির সুস্বাদু মাছ পাওয়া যাচ্ছে। এতে জেলেরা বেশ খুশি। তবে বড় মাছগুলো নদীতে সংরক্ষণ করা গেলে নদীতে মাছের আরও বেশি বংশ বিস্তার হতো।
বার্তা বাজার/টি