এ্যাডিশনাল এসপির নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেফতার

ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের ব্যক্তিগত ফেসবুক একাউন্ট নকল করে প্রতারণার অভিযোগে নোমান নামে এক যুবককে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

এ অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রামের লোহাগাড়া থানায় মামলার পর গত রাতে গ্রেফতার করা হয় তাকে। বুধবার (২৮শে জুলাই) গণমাধ্যমকে এই তথ্য জানান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকের হোসেন মাহমুদ।

নোমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী দুর্লভের পাড়ার আবদুল কুদ্দুসের পুত্র।

পুলিশ জানান, গ্রেফতার নোমান দীর্ঘদিন ধরে পুলিশ সুপারের ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে একইরকম আরেকটি ফেসবুক আইডি খুলে চালিয়ে আসছিলস ৷ ওই আইডি থেকে চাকরি দেওয়ার নাম করে আর্থিক সুবিধা আদায় করে আসছিল।

গত ১৯শে জুলাই ওই আইডি থেকে এসএসসি অথবা এইচএসসি পাশ ১৮ বছর বয়সী একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া পোস্ট দেওয়া হয়। ওই পোস্ট দেখে চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের রুদ্র পাড়ার অপু রুদ্রের পুত্র অসীম রুদ্র ওই ফেসবুক আইডিতে মেসেঞ্জারে অডিও কল দিলে গ্রেফতার নোমান নিজেকে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দেয়।

তার ফাঁদে পড়ে রুদ্র বিকাশে ৫ হাজার টাকা পাঠিয়ে দেয় তাকে। আরও বেশি টাকা পাঠাতে বল্লে সন্দেহ হয় অসীম রুদ্রের। বিষয়টি সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু কে জানালে তিনি ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বলে নিশ্চিত হন এই নামে তাদের কোন ফেসবুক আইডি নেই।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকের হোসেন মাহমুদ জানান, গতরাতে তাকে লোহাগাড়া উপজেলার চুনতি থেকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে মোবাইল একাধিক সিমকার্ড জব্দ করা হয়। বুধবার তাকে চট্টগ্রাম আদালতে চৌপর্দ করা হয়।

আবদুল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর