টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের নিহত ৫, আহত ৩
কক্সবাজারে গত কয়েক দিনের টানা ভারী বর্ষনের কারনে অব্যাহত পাহাড় ধসের ঘটনায় টেকনাফে একই পরিবারের পাঁচ জন নিহত ও তিন জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার বিলেজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার ছৈয়দ আলমের ছেলে আব্দু শুক্কুর (২০), মোঃ জুবাইর (১০), জিয়া উদ্দিন (৭), কহিনুর আক্তার (১২), জায়নুফা আক্তার (১০)।
স্থানীয়রা জানাযায়, বুধবার রাত ১টার দিকে স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে ছৈয়দ আলম, মৃত আজি উল্লাহর ছেলে নুরুল আমিন ও তার বোন হাসিনা বেগমের বসত ঘরে পাহাড়ের একটি টিলা আচড়ে পড়ে।
এ সময় ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় সবাই মাটির নিচে আটকা পড়ে। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আব্দু শুক্কুর, মোঃ জুবাইর, জিয়া উদ্দিন, কহিনুর আক্তার, জায়নুফা আক্তারকে মৃত ও ছৈয়দ আলম, তার স্ত্রী রেহেনা বেগম ও হাসিনা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ঘটনা স্থল পরিদর্শন করে ‘বার্তা বাজার’কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক, সাবেক এমপি বদি, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী ও ওসি হাফিজুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
এসময় নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১লক্ষ ২৫ হাজার, সাবেক এমপি বদি ৫০ হাজার ও বেসরকারী সংস্থা কোস্ট ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী ‘বার্তা বাজার’কে জানান, টেকনাফ সদর ও পৌরসভায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসরতদের এই পর্যন্ত ৬শ পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে।
খাঁন মাহমুদ আইউব/বার্তা বাজার/টি