টাঙ্গাইলে সালিশি বৈঠকে চেয়ারম্যানের উপর হামলা

সালিশি বৈঠকে ইউপি চেয়ারম্যানের উপর অতর্কিত হামলা হয়েছে। হামলার শিকার লাবলু মিয়া টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে ইউনিয়নের চিলাবাড়ি পশ্চিম লাউজানা গ্রামে।

এ ঘটনায় জড়িত আবুল কালাম ও তার ছেলে হুয়ায়রাকে আটক করেছে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাবলু মিয়া। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানায়, দুপুরে দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি এলাকার পশ্চিম লাউজানা গ্রামের মো. আবুল কালামের শ্যালকের একটি পারিবারিক কলহের সালিশি বৈঠক চলছিল। বৈঠক চলাকালে তর্কাতর্কির সৃষ্টি হয়। এক পর্যায়ে মো. আবুল কালাম ও তার ছেলে আবু হুয়ায়রা চেয়ারম্যানের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় স্থানীয়রা তাদের দুইজনকে আটক করে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, হামলার সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাসহ হামলায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর