প্রেমের প্রস্তাব নাকচ করায় অপহরণ, গ্রেফতার তরুণ

প্রেমের প্রস্তাব নাকচ করায় ১৪ বছরের স্কুল পড়ুয়া এক কিশোরীকে অপহরণ করার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার মুরাদনগর থানার কাজীয়াতল এলাকা থেকে আল আমিন (১৯) নামে এক তরুণকে গ্রেফতার সহ অপহৃত কিশোরীকে (১৪) উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, অপহরণের শিকার কিশোরী খুলশী থানার লালখান বাজার এলাকার বাসিন্দা। সে ওই এলাকার শহীদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্কুল বন্ধ থাকায় এ সময়ে প্রতিদিন সে পোড়া কলোনি এলাকায় প্রাইভেট পড়তে যেত।

যাওয়া আসার পথে তাকে প্রতিনিয়ত অভিযুক্ত আল আমিন প্রেমের প্রস্তাব দিত। কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যাত হয়ে গত ২৫ জুলাই বিকেল ৫টার দিকে ওই কিশোরীর প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে অপহরণ করে আল আমিন।

এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আল আমিনের অবস্থান কুমিল্লা জেলায় শনাক্ত হয়। মঙ্গলবার ভোরে কুমিল্লার মুরাদনগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, আল আমিনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানা কাজীয়াতল এলাকায়।

তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানার লালখান বাজার পোড়া কলোনি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। আল আমিনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (মঙ্গলবার) আদালতে প্রেরণ করা হয়েছে।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর