করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান ১৪ দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিন আজ (মঙ্গলবার)। সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে গ্রেফতার হয়েছেন ৫৫৫ জন।
মঙ্গলবার (২৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, লকডাউনের পঞ্চম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা কারণে বাইরে বের হওয়ায় ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় ৫৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
ইফতেখায়রুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধে সড়কে গাড়ি নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৯৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় ১১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে বৃষ্টি উপেক্ষা করে পঞ্চম দিনেও রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ছিল। এদিন বিধিনিষেধ অমান্য করে বের হওয়ায় ও প্রতিষ্ঠান খোলা রাখায় ২৩৬ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গত চারদিনে বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় ২ হাজার ৪৯৪ জনকে গ্রেফতার করা হয়।
বার্তা বাজার/নব