রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে ৩কেজি ২০০ গ্রাম ওজনের ৩ফিট লম্বা একটি বাঙ্গোশ (বাওস) মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) ভোরে দৌলতদিয়া ইউনিয়নের কর্ণেশনা কলাবাগান এলাকার অদুরে পদ্মা নদীতে স্থানীয় মৌসুমী মৎস শিকারি বাচ্চু শেখের চায়না দুয়ারীতে অদ্ভুত এ মাছটি ধরা পড়ে।
পরে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত মৎস্য আড়তের সামনে আনলে স্থানীয় শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১১০০ টাকা কেজি দরে মোট ৩ হাজার ৫২০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
এসময় অদ্ভুত প্রকৃতির এ মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন।
মৎস্য আড়তদার সম্রাট শাহজাহান শেখ বলেন, এই মাছের প্রকৃত নাম বাওস হলেও স্থানীয়ভাবে আমরা এটাকে বাঙ্গোশ বলে থাকি। এ মাছ সাধারণত সমুদ্রে পাওয়া যায়। কিন্তু বছরের আষাঢ়, শ্রাবণ মাসের দিকে মাঝে মাঝে প্রত্তন্ত অঞ্চলের পদ্মায় মাছটি পাওয়া যায়। এই মাছটির দ্বারা শারীরের ব্যথা উপশম হয় এবং মাছটি খুবই সুস্বাদু তাই মাছটি পরিবার পরিজনদের নিয়ে খাওয়ার জন্যই কিনেছি।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, আঞ্চলিক ভাষায় এটিকে বাঙ্গোশ বললেও মূলত এই মাছের নাম বাওস। এটি সামুদ্রিক মাছ। সমুদ্র তীরবর্তী অঞ্চলে এসব মাছ মাঝেমধ্যে ধরা পড়ে। বাওস মাছ প্রায় ২০ কেজি পর্যন্ত ওজন এবং অনেক সুস্বাদু ও দামি হয়।
এ বিষয়ে তিনি আরো বলেন, এ ধরনের সামুদ্রিক মাছ, বিলুপ্তপ্রায় মাছ ও দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ সংরক্ষনের জন্য আমরা কুশাহাটা এলাকার তিনটি বদ্ধজলমহালে অভয় আশ্রম করতে উর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবহিত করেছি।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি