শিল্প-কারখানা খোলার ব্যাপারে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। আগের লকডাউনে শিল্প-কারখানা খোলা থাকলেও এবারের লকডাউনে তা বন্ধ রয়েছে।
সরকার ঘোষিত এই লকডাউন আগামী ৫ আগস্ট পর্যন্ত চলমান থাকবে এবং এ সময়ে শিল্প-কারখানা বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে লকডাউন সম্পর্কিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের আগে শিল্প-কারখানা খোলার জন্য শিল্পপতিসহ অনেকেই সরকারকে অনুরোধ করেছেন। কিন্তু তাদের অনুরোধকে সরকার না জানিয়ে দিয়েছে। ৫ আগস্ট পর্যন্ত শিল্প-কারখানা বন্ধই থাকছে।
তিনি আরও বলেন, করোনার সংক্রমণ রোধে দেশে চলছে কঠোর লকডাউন। শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে।
চলমান বিধিনিষেধ বাস্তবায়নসহ করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন করণীয় ঠিক করা হয়েছে, সেগুলো খুব শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বার্তা বাজার/নব