ডেঙ্গু প্রতিরোধে ঢাকার ২ সিটি কর্পোরেশনের চিরুনি অভিযান
এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকার ২ সিটি কর্পোরেশনের চিরুনি অভিযান শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে।
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০ দিনের চিরুনি অভিযান শুরু হয়েছে।
নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে লার্ভা ধ্বংসে এই অভিযান চলবে বলে জানিয়েছে দুই সিটি কর্পোরেশন। করোনার কারণে বাসাবাড়িতে যেতে না পারলেও এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান দুই সিটি কর্মকর্তার।
বাসা বাড়ির ছাদে, পানির টবে, নির্মাণাধীন ভবনে, আঙিনায় জমে থাকা পানিতে জন্ম নেয় এডিস মশার লার্ভা।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মঙ্গলবার থেকে চিরুনি অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কোথাও কারও অসচেতনতায় এডিস মশার প্রজননস্থল গড়ে উঠতে দেখলেই ব্যবস্থার নেয়ার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।
তিনি বলেন, আমাদের কর্মীরা মাঠে কাজ করছে। সবাই মিলে আমরা কয়েকটি ভবন পরিদর্শন করেছি। অনেক নির্মাণাধীন ভবনের বেইজমেন্টে লার্ভা পাওয়া যাচ্ছে। আমরা সেসকল ভবনের মালিকদের বিরুদ্ধে মামলা দেয়ার নির্দেশ দিয়েছি।
ডেঙ্গু প্রতিরোধে অভিযান একটি ধারাবাহিক প্রক্রিয়া বলেও জানায় দুই সিটি কর্পোরেশন।
বার্তাবাজার/পি