করোনা মহামারিতে দেশে দিনে দিনে বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্ত। প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৪০৪ সদস্য আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের। করোনা সংক্রমণ রোধে মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে তারা আক্রান্ত হন।
ফায়ার সার্ভিসের সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সর্বশেষ সোমবার (২৬ জুলাই) এই তথ্য হালনাগাদ করা হয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৩৫৮ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে এবং আইসোলেশনের আছেন ৪৩ জন।
এর আগে, ২২ জুলাই অবসরে যাওয়ার ৩ মাস আগে অধিদফতরের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান উপ-পরিচালক আবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। আবুল হোসেন ১৯৮৩ সালের ৭ ডিসেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে স্টেশন অফিসার হিসেবে যোগ দেন।
এরপর তিনি দীর্ঘ কর্মজীবনে ওয়ার হাউজ ইন্সপেক্টর, সিনিয়র স্টেশন অফিসার, উপ-সহকারী পরিচালক এবং সহকারী পরিচালক পদে দায়িত্ব পালন করেন।
বার্তাবাজার/পি