করোনা নিয়ে শুরুতে মানুষের মধ্যে ভয়ভীতি ছিল, এখন আর নেই
করোনাভাইরাস নিয়ে শুরুতে মানুষের মধ্যে যে ভয়ভীতি ছিল তা এখন আর নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আমি মনে করি করোনার শুরুতে মানুষের মধ্যে যে ভয়ভীতি ছিল তা এখন আর নেই। গত এক বছরে গ্রামে করোনা না ছড়ানোর কারণে গ্রামের মানুষের মধ্যে এই ধারণা জন্মেছিল যে গ্রামে কখনো করোনা আসবে না।
এখন শহরের হাসপাতালগুলোতে গ্রামের ৭০ শতাংশ করোনা রোগী ভর্তি হচ্ছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, সারাদেশেই করোনা ছড়িয়ে পড়েছে। এজন্য নিজের স্বার্থে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ জানাবো।
তিনি আরও বলেন, নিজের সুরক্ষা নিজেকেই দিতে হবে। আমার সুরক্ষা অন্য কেউ দেবে না। এজন্য সবাইকে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান তথ্যমন্ত্রী।
বার্তা বাজার/নব