স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নাম্বার খুঁজলে আসছে পর্ন সাইট!

মহামারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতর রোগীদের চিকিৎসায় হটলাইন নম্বর চালু করেছে। করোনা রোগীর অবস্থা গুরুতর না হলে হটলাইনের মাধ্যমে টেলিমেডিসিন সেবা নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

তবে এই হটলাইন নাম্বার খুঁজতে গুগলে ‘স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নাম্বার’ বা ’স্বাস্থ্য অধিদপ্তরের হেলপলাইন’ নাম্বার লিখে সার্চ দিলে, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশনে বিভিন্ন পর্ন সাইটের ঠিকানা দেখাচ্ছে।

দেশের এই দুর্যোগ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধিদফতরটির এমন কর্মকাণ্ড নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে।

তামিম ইসলাম নামের চিকিৎসক লিখেছেন, ‘আমি প্রথমে ভেবেছিলাম ছবিটা এডিট করা! পরে সার্চ দিয়ে এই অবস্থাই। বিষয়টি খুবই প্যাথেটিক।’ আবিদুর রহমান নামে অপর একজন লিখেছেন, ‘Header-এ add করে invisible করে দিয়েছে। ইচ্ছা করে করা কাজ।’

আহমেদ জারিফ নামের এক চিকিৎসক লিখেছেন, ‘স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে গুগল সার্চে এমন আসছে। অনলাইনের যুগে সবাই অনলাইনে সার্চ করে। ওয়েব ডেভেলপমেন্টের অতি ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি, এটা সাইট ডেভেলপারদেরই কাজ অথবা সাইট হ্যাকড। বেশ লজ্জা পেয়েছি। দয়া করে দায়িত্বশীল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশিদ আলম গণমাধ্যমকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমি এমআইএসের সঙ্গে কথা বলছি। আশা করি ঠিক হয়ে যাবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর