করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে এখন সংক্রমণ ও মৃত্যু কমছে। এদিকে বাংলাদেশে সংক্রমণ ও মৃত্যু হু হু করে বেড়ে চলছে। ভারতের চেয়ে বাংলাদেশে করোনার মৃত্যুর হার বেশি।
গতকাল রোববার (২৫ জুলাই) দেশে করোনায় ২২৮ জনের মৃত্যু হয়েছে। টানা চারদিন পর শনাক্ত ১১ হাজার ছাড়িয়েছে। রোববার ১১ হাজার ২৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
মার্চের পর থেকে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে। রোববার পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা বিবেচনায় দেশে করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। ১ মার্চ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর হার ছিল ১ দশমিক ৫৪ শতাংশ।
করোনায় মৃত্যুর হারের দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। তালিকায় শীর্ষে আফগানিস্তান ও দুইয়ে আছে পাকিস্তান। আর ছয়ে আছে ভারত।
আফগানিস্তানে করোনায় মৃত্যু হার ৪ দশমিক ৪০ শতাংশ, পাকিস্তানে ২ দশমিক ৩০ শতাংশ, নেপাল ও শ্রীলঙ্কায় ১ দশমিক ৪০ শতাংশ এবং ভারতে ১ দশমিক ৩০ শতাংশ।
উল্লেখ্য, বাংলাদেশের এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনের। করোনায় মোট মারা গেছেন ১৯ হাজার ২৭৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন।
বার্তা বাজার/নব