করোনাভাইরাস পরিস্থিতির কারণে মাঝপথেই স্থগিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। আসরের এখনও ৩১টি ম্যাচ বাকি রয়েছে।
আইপিএলের বাকি আসর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে সেটা আগেই জানা গিয়েছিল। এবারের আসরের সময়সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইপিএলের বাকি আসর। আগামী ১৯ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
টুর্নামেন্টের ৩১টি ম্যাচের মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৩টি, শারজাতে ১০টি এবং আবুধাবির জায়েদ স্টেডিয়ামে বাকি ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। ১১ অক্টোবর এলিমিনেটর ম্যাচ ও ১৩ অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর।


বার্তা বাজার/নব