করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে নাজেহাল গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে করোনার নতুন ভ্যারিয়েন্টের সন্ধান মিলল ব্রিটেনে। নতুন ভ্যারিয়েন্টে ব্রিটেনে ১৬ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় নতুন ভ্যারিয়েন্টের নাম বি১.৬২১। ব্রিটেন ছাড়াও নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, পর্তুগাল, জাপান, সুইৎজারল্যান্ডে। এছাড়াও বিশ্বের ২৬টি দেশে ছড়িয়ে পড়েছে।
ব্রিটেনের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, পুরো বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। সম্প্রতি কোভিডবিধি শিথিল হওয়ায় এবং বিমান পরিষেবা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে এ সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ব্রিটেনের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভ্যারিয়েন্ট অতিসংক্রামক বা এতে রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪১ লাখ ৭৪ হাজার ৮৬৭ জনের মৃত্যু হয়েছে।
বার্তা বাজার/নব